• August 03, 2026
কবিতা

বারবিকিউ

কাব্যকলি
  • ০২-১১-২০২৫

বারবিকিউ

ছুরি-কাঁটা চামচের কোপ, আঘাতে ক্ষত-বিক্ষত/ মৃত্তিকা-ভূমি যেন কাটলেট-- হোসাইন মঈন


হোসাইন মঈন

মেতেছ খাদ্যকলায়; যেন বহুযুগ-বুভুক্ষ দানব
জেগেছে মননে,
গ্রাস করছো নদী, যেন এক পেয়ালা স্যুপ
চুমুকে চুমুকে স্বাধীনতা করে চলেছ 
খর্ব তার নিয়েছ দখলে।
গরম সিঙ্গারা-সমুচার মতো পাহাড়-টিলাও
তুলে আনছো ডাইনিং এ রোজ
তৃপ্তি ভরে খাচ্ছ গিলে।
বনগুলো যেন সব পুঁই-পালংয়ের খেত
মুঠো ভরে আনছে তুলে নির্মম থাবায়
ছুরি-কাঁটা চামচের কোপ, আঘাতে ক্ষত-বিক্ষত
মৃত্তিকা-ভূমি যেন কাটলেট
যখন খুশি যেমন ইচ্ছে যাচ্ছ খেয়ে গোগ্রাসে
মানুষও তো রোজ খাচ্ছে সবটাই হাঙরের বেশে!
তারপর? রেখো মনে, চুকে গেলে অবনীর পাঠ
তোমাকেও সেদিন খুবলে খাবে অনন্ত অনল
তুমিও হবে সেদিন সুস্বাদু বারবিকিউ, আগুনের টেবিলে।

শেয়ার করুন: